যে প্রতিবেদন ‘কখনোই’ প্রকাশ করতে চায় না বিসিবি

ছবি: দ্য হুইসেল

যে প্রতিবেদন ‘কখনোই’ প্রকাশ করতে চায় না বিসিবি

জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করেছে বিসিবি। এতটুকুই জানানো হয়েছিল। কিন্তু তদন্ত কমিটি আরেক পক্ষের গাফিলতির কথাও লিখেছে; সেই পক্ষ বিসিবি নিজেই। দ্য হুইসেলের হাতে আসা তদন্ত প্রতিবেদনে আর কী আছে?

অনুসন্ধান ও প্রতিবেদন: বদরুদ্দোজা বাবু ও আবু সাঈদ

তথ্য যাচাই: শরীফ উল্লাহ বাবু

ডেটা ভিজ্যুয়ালাইজেশন: মুহাম্মদ ইমরান

দ্য হুইসেল | ৮ নভেম্বর, ২০২৬

ভিডিও সাক্ষাৎকারের ওপাশে জাহানারা আলম।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এখন অস্ট্রেলিয়ায়, সিডনি ক্রিকেট ক্লাবে খেলছেন।

ক্যামেরার সামনে দুটি মোটা নথি তুলে ধরা হলো। একটি ৭০ পৃষ্ঠার মূল প্রতিবেদন, অন্যটিতে সংযুক্তি। প্রথম পাতায় ইংরেজিতে লেখা: রিপোর্ট অব দ্য ইনকোয়ারি কমিটি, প্রিপেয়ারড ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জাহানারার অভিযোগ নিয়েই এই তদন্ত। অথচ প্রতিবেদনটি তিনি এই প্রথম দেখলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে একটি ই-মেইল পাঠিয়েছিল। তাতে জানানো হয়, তার চার অভিযোগের দুটির প্রাথমিক প্রমাণ মিলেছে, দুটির মেলেনি। কোনটি প্রমাণিত, কোনটি নয়, কমিটি কার কার সঙ্গে কথা বলেছে, কে কী বলেছেন—এসবের কিছুই সেখানে ছিল না।

‘তদন্তের রিপোর্ট আমরা পাইনি, রেজাল্ট পেয়েছি,’ গত ১২ সেপ্টেম্বর দ্য হুইসেলকে বলেন জাহানারা।

একই কথা বলেন অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম মঞ্জুও। বিসিবি তাকে নিষিদ্ধ করেছে, কিন্তু প্রতিবেদন দেয়নি। তার কথায়, ‘আমি তো জানিই না যে প্রতিবেদনে আমার বিরুদ্ধে কী লেখা হয়েছে।’

অভিযোগকারী জানেন না। অভিযুক্ত জানেন না। বোর্ডের বর্তমান সভাপতি তামিম ইকবাল প্রতিবেদনটি পড়েননি; দেখেননি নারী উইংয়ের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুও। শুধু তদন্তের ফল এবং মঞ্জুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বোর্ড জানিয়েছে দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে।

এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদনটি দেখেন জাহানারা আলম
এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদনটি দেখেন জাহানারা আলম

৪ নভেম্বর বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, তদন্তে অভিযোগের প্রমাণ মিলেছে। কিন্তু প্রতিবেদনটি ‘কখনোই’ প্রকাশ করা হবে না। তার যুক্তি, প্রকাশ করলে হাইকোর্টের নির্দেশনা আর বিসিবির গোপনীয়তার নীতি ভাঙা হবে, প্রকাশিত হয়ে যাবে ভুক্তভোগীদের পরিচয়।

যে প্রতিবেদন নিয়ে বোর্ড এতটা সতর্ক, তার দুই খণ্ডের পুরোটাই পড়েছে দ্য হুইসেল।

তাহলে কী আছে সেই তদন্ত প্রতিবেদনে।

দ্য হুইসেলের আগের অনুসন্ধানে দেখা গেছে, জেলার মাঠ থেকে জাতীয় দল পর্যন্ত নারী ক্রিকেটে হয়রানির অভিযোগ কীভাবে বারবার একই বৃত্তে আটকে যায়। এই পর্বে আমরা খুলে দেখছি সেই বৃত্তের একমাত্র আনুষ্ঠানিক দলিল: বিসিবির গঠন করা তদন্ত কমিটির দুই খণ্ডের প্রতিবেদন।

প্রতিবেদনটি পাতা ধরে পড়ে আর সংশ্লিষ্ট প্রায় সবার বক্তব্য নিয়ে দেখা গেছে, এটি শুধু একজনের অপরাধের দলিল নয়। কমিটি এখানে লিখে গেছে বোর্ডের নিজের গাফিলতির কথাও: ২০২১ সালে অভিযোগের একটি চিঠি হাতে পেয়েও কিছু না করা, নিজের নিয়ম না মানা, যৌন হয়রানি ঠেকানোর কোনো কাঠামো না থাকা। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এর একটিও আসেনি।

তবে প্রতিবেদনে কিছু প্রশ্নের মীমাংসা হয়নি, কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষের কথাও শোনা হয়নি। সেগুলোও এখানে তুলে ধরা হলো।

বিজ্ঞপ্তির আড়ালে ৭০ পাতা

গত ৪ ফেব্রুয়ারি বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি জানায়, জাহানারার চার অভিযোগের দুটিতে প্রাথমিক প্রমাণ পেয়েছে কমিটি, দুটিই নারী দলের তখনকার নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। ২২ ফেব্রুয়ারি আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঞ্জুকে বিসিবির সব ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ চাকরি এবং ক্রিকেট-সংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। বোর্ড এ-ও জানায়, প্রয়োজন মনে করলে প্রতিবেদনের আলোকে আরও ব্যবস্থা নেবে। এরপর আর কোনো ব্যবস্থার কথা জানায়নি বিসিবি।

মূল প্রতিবেদনটি ৭০ পৃষ্ঠার, এতে আছে ৬৩টি অনুচ্ছেদ। দ্বিতীয় খণ্ডে ১২টি সংযুক্তি: কমিটি গঠনের চিঠি, জাহানারার লিখিত অভিযোগ, আটজনের জবানবন্দি, মঞ্জুর লিখিত জবাব আর জাহানারার পাল্টা জবাব। সঙ্গে আছে ২০২১ সালে জাহানারার হাতে লেখা ১৩ পাতার চিঠির কপিও।

দ্য হুইসেলের নারী ক্রিকেটে যৌন হয়রানি নিয়ে করা অনুসন্ধানে এই তদন্ত প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরা হয়েছিল। এবার থাকছে সেই প্রতিবেদনের বিস্তারিত: কমিটি কীভাবে কাজ করেছে, কোন অভিযোগে কী রায় দিয়েছে আর কেন, কার কথা শুনেছে এবং কার কথা শোনেনি, বোর্ডের নিজের ব্যর্থতা কোথায়, সুপারিশগুলো কী ছিল, আর মঞ্জুর শাস্তির পর কী হলো।

১৫ কর্মদিবসের তদন্তে লেগেছে ৮৩ দিন

২০২৫ সালের ৬ নভেম্বর ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে জাহানারা প্রথমবার প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগ তোলেন। সেদিন রাতেই তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয় বিসিবি।

কমিটি গঠনের আনুষ্ঠানিক নিয়োগপত্র যায় ৯ নভেম্বর, তখনকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সইয়ে। পাঁচ সদস্যের কমিটির প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। সঙ্গে আইনের একজন অধ্যাপক, দুজন জ্যেষ্ঠ আইনজীবী আর বিসিবির একজন পরিচালক।

সময় দেওয়া হয়েছিল নিয়োগপত্র জারির দিন থেকে ১৫ কর্মদিবস। সেই হিসাবে প্রতিবেদন আসার কথা ছিল নভেম্বরের শেষে। প্রতিবেদনে তারিখ লেখা ৩১ জানুয়ারি ২০২৬। নিয়োগপত্র থেকে গুনলে ৮৩ দিন।

দেরি হয়েছে শুরুতেই। কমিটির অনুরোধে ১৬ নভেম্বর বিসিবি জাহানারার কাছে পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত অভিযোগ চায়। জাহানারা সময় চান, অভিযোগ জমা পড়ে ৪ ডিসেম্বর। ১৫ কর্মদিবস তত দিনে শেষ, অথচ তখনো একজনেরও সাক্ষাৎকার নেওয়া হয়নি। এরপর ১৩ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলে সাক্ষাৎকার, লিখিত জবাব আর পাল্টা জবাব।

প্রতিবেদনে সময় বাড়ানোর কোনো উল্লেখ নেই। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, সময় বাড়ানো হয়েছিল দুবার, শেষ সময়সীমা ছিল ৩১ জানুয়ারি। প্রতিবেদনের প্রচ্ছদেও সেই তারিখ লেখা। কিন্তু প্রতিবেদন হাতে পাওয়ার কথা বিসিবি জানায় দুই দিন পর, ২ ফেব্রুয়ারি রাতে।

বিসিবির তখনকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে তদন্ত প্রতিবেদন তুলে দিচ্ছেন কমিটির প্রধান
বিসিবির তখনকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে তদন্ত প্রতিবেদন তুলে দিচ্ছেন কমিটির প্রধান

সেদিনই হাইকোর্টে এক রিটের শুনানি হয়। সাবেক শুটার সাবরিনা সুলতানা রিটটি করেছিলেন। নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবির নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, আদালত তা জানতে চেয়ে রুল দেন। একই সঙ্গে ২০০৯ সালের রায়ের আলোকে যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা বাস্তবায়নের অন্তর্বর্তী নির্দেশও দেন। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, তখনো প্রতিবেদন জমা পড়েনি। বিসিবির আইনজীবীও জানান, প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে বোর্ড অবগত নয়।

কমিটির প্রধান দ্য হুইসেলকে বলেন, রিটের সঙ্গে প্রতিবেদন জমার কোনো সম্পর্ক নেই।

কাকতালীয় হোক বা না হোক, ৮৩ দিনের তদন্তের প্রতিবেদন বোর্ডের হাতে গেছে আদালতের রুলের দিনই। আর বোর্ড ফল জানিয়েছে তার দুই দিন পর।

চার অভিযোগ, চার রায়: কার্ডগুলো দেখতে পেজটি জাভাস্ক্রিপ্ট চালু রেখে খুলুন।

চার অভিযোগ, চার সিদ্ধান্ত

জাহানারা নিজেই তার অভিযোগকে চার ভাগে সাজিয়েছিলেন। কমিটিও সেভাবেই বিচার করেছে।

এক. সিলেটের সেই রাত: কুপ্রস্তাবের প্রমাণ মেলেনি

১০ মার্চ ২০২১। সিলেটে বাংলাদেশ গেমসের নারী ক্রিকেটের ফাইনালের আগের রাত। বিসিবির আয়োজনে নৈশভোজ। জাহানারার অভিযোগ, সেখানে দলের তখনকার সমন্বয়ক তাকে একা পেয়ে বলেন, সিনিয়র খেলোয়াড় হিসেবে সে সময়ের নারী বিভাগের ইনচার্জের দিকটা তাকে ‘দেখতে’ হবে। ইনচার্জ চাপে আছেন, পদ ছেড়ে দিতে পারেন। ইঙ্গিতটা নিজে বুঝে নিতে বলেন, কাউকে না জানাতে বলেন। জাহানারা কথাটিকে ইনচার্জের পক্ষ থেকে পরোক্ষ কুপ্রস্তাব হিসেবে বুঝেছিলেন এবং কৌশলে এড়িয়ে গিয়েছিলেন।

সমন্বয়ক কমিটির কাছে একা কথা বলার বিষয়টি অস্বীকার করেছেন। তার বক্তব্য, কয়েকজন খেলোয়াড়ের সামনে তিনি শুধু দলকে একসঙ্গে থাকার উৎসাহ দিয়েছিলেন। জাহানারা সমন্বয়কের যে কথাগুলো বর্ণনা করেছেন, কমিটি সেগুলোকেই ‘সরল ও সোজা’ বলেছে। কমিটির মতে, জাহানারার বলা কথাগুলোতে কোনো কুপ্রস্তাব বা যৌন ইঙ্গিত নেই, আছে শুধু দলের ভেতরের মনোমালিন্য মিটিয়ে নেওয়ার পরামর্শ (অনু. ২৫)।

কমিটি আরও একটি যুক্তি দিয়েছে। নারী বিভাগের ইনচার্জ সেই রাতে সিলেটে ছিলেন না। কমিটির হিসাবে, জাহানারার অভিযোগ সত্য হতে হলে প্রত্যাখ্যানের খবর রাতেই ঢাকায় ইনচার্জের কাছে, আর পরদিন সকালের মধ্যে মঞ্জুর কাছে পৌঁছাতে হয়। কমিটির ভাষায়, এটি ‘অযৌক্তিক ধারাক্রম’ (অনু. ২৬)। ৫১ নম্বর অনুচ্ছেদেও কমিটি অভিযোগটিকে ‘বাস্তবতাবিবর্জিত’ বলে উল্লেখ করেছে।

নারী বিভাগের তখনকার ইনচার্জ আর বেঁচে নেই, তার বক্তব্য নেওয়ারও উপায় ছিল না। এই সিদ্ধান্ত শুনে জাহানারা দ্য হুইসেলকে জানান, সমন্বয়ক নিজে কখনো তার সঙ্গে খারাপ আচরণ করেননি, তিনি কথাটা বলেছিলেন বসের হয়ে। তারপর একটু থেমে বলেন, ‘আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি।’

দুই. মঞ্জুর ধমক আর অপমান: প্রাথমিকভাবে প্রমাণিত, তবে অর্ধেক

জাহানারার অভিযোগ, সিলেটের সেই রাতের পরদিন থেকে মঞ্জুর আচরণ বদলে যায়। দলের সামনে চিৎকার, ওয়াকিটকিতে ধমক, পুরোনো বলে অনুশীলন, ব্যাটিং অর্ডারে ১১ নম্বরে নামিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে থাকে।

মঞ্জুর আত্মপক্ষ সমর্থন দাঁড়িয়ে ছিল একটি যুক্তিতে: তিনি নির্বাচক আর ম্যানেজার, কোচ নন। বোলিং শেখানো বা অনুশীলনে কে কী করবেন, তা ঠিক করার ক্ষমতা তার ছিলই না।

কমিটি এই যুক্তি মানেনি। সহকারী কোচ, ফিজিও আর দুই সাবেক ক্রিকেটারের কথা মিলিয়ে ৩৩ নম্বর অনুচ্ছেদে লেখা হয়েছে, মঞ্জু কোচ-ফিজিও—সবার ওপর নিয়ন্ত্রণ রাখতেন, অনুশীলনে নিয়মিত হস্তক্ষেপ করতেন, আর দলের সবাই তাকে ভয় পেতেন। এক সাবেক ক্রিকেটার কমিটিকে জানিয়েছেন, মঞ্জু একবার তার মুখে অ্যাপ্রন ছুড়ে মেরেছিলেন এবং জোর করে পানি টানার কাজ করিয়েছিলেন।

কমিটির পর্যবেক্ষণ (অনু. ৩৪): মঞ্জু ছিলেন ‘রূঢ় ও দাপটে’, যা জাহানারার মানসিক কষ্টের কারণ হতে পারে। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে তিনি আরও ভদ্র আচরণ পাওয়ার যোগ্য ছিলেন।

কিন্তু পরের অনুচ্ছেদেই কমিটি বলেছে, এই আচরণ ছিল মঞ্জুর ‘স্বভাব ও ব্যক্তিত্বের’ কারণে, প্রস্তাব ফিরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে নয় (অনু. ৩৫)। অর্থাৎ মঞ্জুর আচরণে মানসিক কষ্ট হওয়ার বিষয়টি কমিটি মেনেছে, কিন্তু জাহানারা এর যে কারণ বলছেন, অর্থাৎ প্রস্তাব প্রত্যাখ্যানের প্রতিশোধ, সেটি কমিটি মানেনি।

নিউ জিল্যান্ডে ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলের সঙ্গে মঞ্জু
নিউ জিল্যান্ডে ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলের সঙ্গে মঞ্জু

তিন. নিউ জিল্যান্ডের নেটে: যৌন হয়রানির প্রাথমিক প্রমাণ মিলেছে

২০২২ সালের বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প। জাহানারার অভিযোগ, নেটে বোলিংয়ের রানআপে দাঁড়িয়ে থাকার সময় মঞ্জু এসে এক হাতে তাকে জড়িয়ে বুকের কাছে টেনে নেন। কানের কাছে মুখ এনে জিজ্ঞেস করেন, ‘তোর মাসিকের কয়দিন চলছে?’ এরপর বলেন, শেষ হলে ডাকলে যেন তার রুমে আসেন।

মঞ্জু কমিটির কাছে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, কোনো খেলোয়াড়কে কখনো স্পর্শ করেননি, মাসিক নিয়ে কাউকে কিছু জিজ্ঞেস করেননি, কাউকে ‘তুই’ বলেও ডাকেননি।

কমিটি জাহানারাকে বিশ্বাস করেছে।

চার. গোপনীয়তা ভঙ্গের অভিযোগ: ‘ভিত্তিহীন’

জাহানারার প্রশ্ন ছিল, তার মাসিকের তথ্য ম্যানেজারের কাছে গেল কীভাবে? দলের ফিজিও কমিটিকে জানান, খেলোয়াড়েরা এই তথ্য তাকে জানাতেন। তিনি খেলোয়াড়দের অনুশীলনে বিশ্রাম দিতে তথ্যটি কোচ ও টিম ম্যানেজারকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতেন। ফিজিওর ভাষ্য, এটি আইসিসি-অনুমোদিত প্রথা। কমিটি এই ব্যাখ্যা মেনে গোপনীয়তা ভঙ্গের অভিযোগটিকে ‘ভিত্তিহীন’ বলেছে (অনু. ৩৬–৩৮)।

জাহানারাকে কেন বিশ্বাস করেছে কমিটি

নিউ জিল্যান্ডের নেটে সেদিন কী হয়েছিল, তার কোনো ভিডিও কমিটি পায়নি। অডিও নেই, লিখিত প্রমাণ নেই, প্রত্যক্ষদর্শীও নেই। কমিটি নিজেই ৪৯ নম্বর অনুচ্ছেদে সে কথা লিখেছে।

তবু কমিটি অভিযোগের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে। প্রতিবেদন পড়লে এর পেছনে তিনটি ভিত্তি পাওয়া যায়।

সবার আগে মঞ্জুর অভ্যাস। দুই সাবেক ক্রিকেটার কমিটিকে বলেছেন, মঞ্জু পেছন থেকে এসে মেয়েদের কাঁধে হাত রাখতেন, খুব কাছে এসে কথা বলতেন। মেয়েরা তা অপছন্দ করতেন, তবু তিনি থামেননি। একজন জানিয়েছেন, হ্যান্ডশেকের বদলে মঞ্জু তাকে জড়িয়ে ধরতেন। একবার তিনি সরাসরি বলে দিয়েছিলেন, হ্যান্ডশেক করলেই তিনি স্বস্তি বোধ করেন। আর মঞ্জুর পক্ষে কথা বলা দুই কর্মকর্তা, সমন্বয়ক এবং ফিজিও জানিয়েছেন, তিনি খেলোয়াড়দের কাঁধে বা মাথায় হাত রাখতেন। তাদের মতে, সেটা ছিল উৎসাহ দেওয়ার জন্য (অনু. ৪৩)।

এরপর মঞ্জুর নিজের কথা। তিনি বলেছিলেন, কাউকে কখনো স্পর্শ করেননি, কাউকে ‘তুই’ বলেননি। কমিটির মতে, এই দাবি অন্যদের সাক্ষ্যের সঙ্গে মেলে না। ৪৫ নম্বর অনুচ্ছেদে কমিটি লিখেছে, মঞ্জু মৌখিক ও লিখিত—দুই জবাবেই সত্য বলেননি, যা তার বিশ্বাসযোগ্যতা গুরুতরভাবে কমিয়ে দেয়।

অস্ট্রেলিয়া থেকে দ্য হুইসেলকে ভিডিও সাক্ষাৎকার দেন জাহানারা আলম
অস্ট্রেলিয়া থেকে দ্য হুইসেলকে ভিডিও সাক্ষাৎকার দেন জাহানারা আলম

শেষ ভিত্তিটি আইনের সংজ্ঞা। ২০০৯ সালে হাইকোর্ট এক রায়ে যৌন হয়রানির সংজ্ঞা ঠিক করে দিয়েছিল। সেখানে অনাকাঙ্ক্ষিত আচরণ, শারীরিক স্পর্শ ও ক্ষমতার অপব্যবহার করে সম্পর্কের চেষ্টাও আছে। কমিটির মতে, পেছন থেকে কাঁধ ধরার অভ্যাস আর নিউ জিল্যান্ডে জাহানারাকে জড়িয়ে ধরা—দুটোই সেই সংজ্ঞায় পড়ে (অনু. ৪৭–৪৮)।

সিদ্ধান্ত নেওয়ার মানদণ্ডটিও বোঝা দরকার। কমিটি এখানে আদালতের মতো বিচার করেনি। ফৌজদারি মামলায় অপরাধ প্রমাণ করতে হয় সব সন্দেহের ঊর্ধ্বে। এখানে কমিটি এমন একটি মানদণ্ড নিয়েছে, যাকে বলে সম্ভাবনার পাল্লার মানদণ্ড। অর্থাৎ দুই পক্ষের বক্তব্য এবং পারিপার্শ্বিক তথ্য বিবেচনায় ঘটনাটি ঘটার সম্ভাবনা না ঘটার চেয়ে বেশি কি না, সেটি দেখেছে।

কমিটির ভাষায়, যৌন হয়রানির ঘটনায় সরাসরি প্রমাণ বা সাক্ষী না থাকলেই অভিযোগ মিথ্যা হয়ে যায় না।

জাহানারা ও মঞ্জুর মধ্যে ক্ষমতার ব্যবধানও বিবেচনায় নিয়েছে কমিটি। একজন ছিলেন দলের খেলোয়াড়, আরেকজন ম্যানেজার ও প্রধান নির্বাচক। দলে কার জায়গা হবে, সেই সিদ্ধান্তে তার প্রভাব ছিল। কমিটির মতে, ক্ষমতার এই অসমতাও অভিযোগের বিশ্বাসযোগ্যতা বিবেচনায় গুরুত্বপূর্ণ (অনু. ৫৩)।

সব মিলিয়ে ৫৪ নম্বর অনুচ্ছেদে মূল সিদ্ধান্ত, প্রতিবেদনে যা বোল্ড করে ছাপা। বলা হয়েছে, মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শ এবং ধারাবাহিক দাপটপূর্ণ ও রূঢ় আচরণের প্রাথমিক প্রমাণ রয়েছে। কমিটির মতে, এসব আচরণ যৌন হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে। তাই মঞ্জুর বিরুদ্ধে শৃঙ্খলামূলক কার্যক্রম এবং আইন অনুযায়ী অন্যান্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

যার সময়ের ঘটনা, তাকেই ডাকা হলো না

কার কার সাক্ষাৎকার নেওয়া হবে, তা ঠিক করেছে কমিটি নিজেই। প্রতিবেদনের ৯ নম্বর অনুচ্ছেদ বলছে, ২৬ নভেম্বর আর ৮ ও ১০ ডিসেম্বর তিনটি বৈঠকে কমিটি তদন্তের পদ্ধতি নিয়ে আলোচনা করে। ৪ ডিসেম্বর জাহানারার লিখিত অভিযোগ পাওয়ার পর সেটি পর্যালোচনা শেষে কমিটি ঠিক করে, কার কার সাক্ষাৎকার নেওয়া হবে।

কোন মাপকাঠিতে এই বাছাই, প্রতিবেদনে তার ব্যাখ্যা নেই। তবে তালিকাটা দেখলে ধরনটা বোঝা যায়। জাহানারার অভিযোগে যাদের নাম সরাসরি এসেছে, তাদের ডাকা হয়েছে: মঞ্জু, দলের সে সময়ের সমন্বয়ক, সহকারী কোচ আর ফিজিও। ডাকা হয়েছে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীকে, যার হাতে জাহানারা ২০২১ সালে চিঠি দিয়েছিলেন। আর ডাকা হয়েছে দুই সাবেক ক্রিকেটারকে, যাদের কথা জাহানারা তার জবানবন্দিতে বলেছিলেন। ১৩ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারির মধ্যে জাহানারাসহ সব মিলিয়ে আটজনের কথা শোনা হয়।

জাহানারা তার লিখিত অভিযোগে কমিটিকে অনুরোধ করেছিলেন সংশ্লিষ্ট সব সাক্ষীর কথা শুনতে। তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপস্থিতি শফিউল আলম চৌধুরী নাদেলের।

জাহানারার অভিযোগের ঘটনাগুলো ছিল ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে। তখন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান ছিলেন নাদেল। মঞ্জু দ্য হুইসেলকে বলেছেন, তিনি সরাসরি নাদেলের কাছেই জবাবদিহি করতেন। সিইও কমিটিকে জানিয়েছেন, জাহানারার চিঠির বিষয়বস্তু তিনি নাদেলকেই জানিয়েছিলেন, আর এরপর খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছিলেন নাদেলই। জাহানারার ভাষ্যে, সেই বৈঠকেই পুরো বিষয়টিকে ‘ভুল-বোঝাবুঝি’ বলে মিটিয়ে ফেলা হয়। অভিযোগের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে নাদেলের নাম এসেছে; কমিটির প্রতিবেদনেও একাধিকবার তার উল্লেখ রয়েছে।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত নারী বিভাগের চেয়ারম্যান ছিলেন শফিউল আলম চৌধুরী নাদেল
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত নারী বিভাগের চেয়ারম্যান ছিলেন শফিউল আলম চৌধুরী নাদেল

নাদেল দ্য হুইসেলকে বলেন, কমিটি তার সঙ্গে কোনো যোগাযোগই করেনি। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য এখন ভারতে অবস্থান করছেন। তবে এই দূরত্ব বাধা হওয়ার কথা ছিল না। কারণ, কমিটি মঞ্জু আর জাহানারার কথা শুনেছে জুমে। সাক্ষাৎকারের জন্য ডাকলে অনলাইনে অবশ্যই যোগ দিতেন জানিয়ে নাদেল বলেন, ‘আমি সেই সময়টায় দায়িত্বে ছিলাম। কেউ প্রশ্ন করলে আমি যেটা জানি, তার জবাব দেওয়া অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে। আমি বোর্ডে থাকি আর না থাকি।’

নারী বিভাগের সাবেক ইনচার্জকে কেন ডাকা হয়নি, প্রতিবেদনে কমিটি তা জানিয়েছে—তিনি মারা গেছেন। নাদেলকে কেন ডাকা হয়নি, সে ব্যাখ্যা প্রতিবেদনের কোথাও নেই।

কমিটির প্রশ্নের বাইরে থেকে গেছেন আরও কয়েকজন। জাহানারা তার বক্তব্যে কয়েকজন সতীর্থের কাছ থেকে একই ধরনের অভিজ্ঞতার কথা শোনার কথা জানান। কমিটি তাদের মধ্যে দুজনের সাক্ষাৎকার নিলেও বাকি তিনজনের বক্তব্য নেয়নি। অভিযোগে নাম থাকা ভিডিও অ্যানালিস্ট এবং মঞ্জুর পর যোগ দেওয়া টিম ম্যানেজারের সাক্ষাৎকারও নেওয়া হয়নি।

মঞ্জুর দেওয়া জবাবের পাল্টা বক্তব্যে জাহানারা কমিটিকে তিনজন সাক্ষীর নামও দিয়েছিলেন। তার দাবি, ২০২১ সালে বিকেএসপির ক্যাম্পে চার দলের খেলোয়াড়দের সামনে মঞ্জু তাকে অপমান করেছিলেন, আর ঘটনাটি দেখেছিলেন ক্যাম্পের তিন কোচ। কমিটি তাদের ডাকেনি।

প্রতিবেদনে অবশ্য এর কারণও জানানো হয়েছে। জাহানারা মূল লিখিত অভিযোগ বা মৌখিক বক্তব্যে এই ঘটনার উল্লেখ করেননি। তাই তদন্তের এই বিলম্বিত পর্যায়ে এসে বিষয়টি ওঠায় কমিটি তাদের সাক্ষাৎকার নেওয়া প্রয়োজন মনে করেনি।

অন্যদিকে মঞ্জু নিজের পক্ষে কোনো সাক্ষীর নাম দেননি। কেন দেননি, জানতে চাইলে তিনি দ্য হুইসেলকে বলেন, ‘আমি তো এই অপরাধগুলো করিনি।’ কমিটি আর কার কার সাক্ষাৎকার নিচ্ছে, তা-ও তাকে জানানো হয়নি বলে জানান তিনি।

যে ব্যর্থতা লুকিয়েছে বিসিবি

বিসিবির বিজ্ঞপ্তিতে দোষী একজনই—মঞ্জুরুল ইসলাম মঞ্জু। কিন্তু ৭০ পাতার প্রতিবেদনে কমিটি বিসিবিকেও কাঠগড়ায় তুলেছে।

কমিটি ৫০ নম্বর অনুচ্ছেদে মনে করিয়ে দিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা, মর্যাদা আর ভালো থাকা নিশ্চিত করা বিসিবির দায়িত্ব। প্রতিবেদনের নানা জায়গায় ছড়িয়ে আছে সেই দায়িত্বে বোর্ডের ঘাটতির কথা: সিইওর জবানবন্দিতে, সাবেক ক্রিকেটারদের সাক্ষ্যে, আর কমিটির নিজের পর্যবেক্ষণে।

ঘটনার শুরু ২০২১ সালে। জাহানারা হাতে লেখা ১৩ পাতার একটি চিঠি নিজে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরীর হাতে দিয়েছিলেন। তাতে ছিল দলের ভেতরে বুলিং, অপমানজনক রসিকতা আর টিম ম্যানেজমেন্টের অসদাচরণের কথা। সিইও চিঠির কথা মুখে জানান বিসিবির তখনকার সভাপতি নাজমুল হাসান পাপন আর নারী বিভাগের চেয়ারম্যান নাদেলকে। এরপর খেলোয়াড় আর টিম ম্যানেজমেন্টকে নিয়ে একটি বৈঠক হয়। জাহানারার ভাষ্যে, সেখানে পুরো বিষয়টিকে ‘ভুল-বোঝাবুঝি’ বলে মিটিয়ে ফেলা হয়।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী

কমিটির সামনে সিইও স্বীকার করেছেন, এই পুরো প্রক্রিয়ায় কোথাও একটি লাইনও লেখা হয়নি। বিষয়টি যে মিটেছে, তার কোনো লিখিত নথি নেই। সমস্যার সমাধান হয়েছে বলে তিনি ধরে নিয়েছিলেন মুখের কথা শুনে। পরে সমস্যা আবার ফিরে এলেও সে খবর আর তার কাছে আসেনি। চিঠিটি বোর্ড সভাতেও ওঠেনি; কারণ, একে আনুষ্ঠানিক অভিযোগ না ধরে দলের ভেতরের ব্যাপার হিসেবে দেখা হয়েছিল। জাহানারার কথা আনুষ্ঠানিকভাবে শোনার জন্য কোনো যৌথ সভাও ডাকা হয়নি।

কমিটি সিইওকে মনে করিয়ে দিয়েছে, যৌন হয়রানির নীতিমালা তখন না থাকলেও বিসিবির নিজের এইচ আর ম্যানুয়াল ছিল। সেখানে বুলিং ও অসদাচরণের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা লেখা আছে। সিইওর জবাব, বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে পাঠানোর পর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেই বিভাগ আর তার চেয়ারম্যানের। তবে তিনি মেনে নিয়েছেন, লিখিতভাবে পাঠানোই ভালো চর্চা হতো।

কমিটি এখানে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে। কমিটির মতে, একজন সিনিয়র খেলোয়াড়ের চিঠির পর লিখিত কোনো পদক্ষেপ ও ফলোআপ না থাকা বোর্ডের পেশাদারত্ব নিয়ে খারাপ বার্তা দেয় (অনু. ১৭)। চূড়ান্ত পর্যবেক্ষণে কমিটি লিখেছে, ২০২১ সালেই চিঠিটিকে আরও গুরুত্ব দিয়ে সমস্যাগুলো সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যদিও তাতে কারও বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ ছিল না (অনু. ৫০)।

একটি চিঠির যাত্রা: ধাপে ধাপে দেখতে পেজটি জাভাস্ক্রিপ্ট চালু রেখে খুলুন।

জাহানারার চিঠিই একমাত্র ঘটনা নয়। আরেক সাবেক ক্রিকেটার কমিটিকে জানিয়েছেন, ২০২২–২৩ সালে তিনি ও অন্য খেলোয়াড়েরা সিইও আর চেয়ারম্যানের কাছে অসদাচরণ আর দল নির্বাচনে অবিচারের অভিযোগ করেছিলেন। কমিটির নথিতে তার কথা লেখা আছে: যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা যথেষ্ট ছিল না, মূল সমস্যায় হাতও দেওয়া হয়নি।

তার ভাষ্যে, অভিযোগ করার পর উল্টো অভিযোগকারীরাই শাস্তির মুখে পড়েছেন। মঞ্জুর সঙ্গে বিরোধের পর কয়েকজন ট্রেইনার চাকরি হারিয়েছেন। ক্যারিয়ারের ক্ষতির ভয়ে মেয়েরা অভিযোগ করতে সাহস পেতেন না। তার মতে, জাহানারার চিঠিকে দলের সামগ্রিক সমস্যা হিসেবে না দেখে একজনের ব্যক্তিগত বিষয় হিসেবে সামলানো হয়েছিল। এটি বোর্ডের তদারকির ব্যর্থতা। সময়মতো ব্যবস্থা না নিলে অন্য খেলোয়াড়েরাও অভিযোগ করতে ভয় পাবেন।

কমিটি এই অভিযোগগুলোর আলাদা বিচার করেনি, তবে সুপারিশে বিষয়টি স্বীকার করেছে। ৬২ নম্বর অনুচ্ছেদে কমিটি লিখেছে, যৌন হয়রানির সঙ্গে প্রায়ই ক্ষমতার অপব্যবহার জড়িয়ে থাকে, আর প্রতিশোধের ভয়ে ভুক্তভোগীরা অভিযোগ করতে নিরুৎসাহিত হন। তাই অভিযোগকারীকে সুরক্ষা দিতে বিসিবিকে কার্যকর ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে যখন অভিযুক্ত ব্যক্তি ক্ষমতার পদে থাকেন।

মঞ্জু ছিলেন একই সঙ্গে দলের নির্বাচক আর ম্যানেজার। দলে কে জায়গা পাবেন, সেই ক্ষমতা ছিল তার হাতে। কমিটির চোখে কোচ, ফিজিও—সবার ওপরও ছিল তার নিয়ন্ত্রণ, আর দলের সবাই তাকে ভয় পেতেন (অনু. ৩৩)। এক হাতে এত ক্ষমতা, অথচ তার আচরণ নিয়ে অভিযোগ জানানোর কার্যকর কোনো পথ তখন বোর্ডে ছিল না।

সিইও নিজেও কমিটিকে জানিয়েছেন, সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের দলে আনার সময় মঞ্জুর আচরণ আর দল নির্বাচন নিয়ে ক্ষোভ ও অভিযোগ উঠেছিল। কমিটি এ-ও মেনে নিয়েছে, দলে জাহানারাকে ক্রমাগত মানসিক নির্যাতন, বুলিং আর অপমানজনক উপহাস সইতে হয়েছে, যা একটি বৈরী ও অপমানজনক কর্মপরিবেশ তৈরি করেছিল (অনু. ৫৩)।

বিসিবিকে দেওয়া তদন্ত কমিটির সুপারিশ ও পর্যবেক্ষণ, পাতা 1 বিসিবিকে দেওয়া তদন্ত কমিটির সুপারিশ ও পর্যবেক্ষণ, পাতা 2 বিসিবিকে দেওয়া তদন্ত কমিটির সুপারিশ ও পর্যবেক্ষণ, পাতা 3
১ / ৩
বিসিবিকে দেওয়া তদন্ত কমিটির সুপারিশ ও পর্যবেক্ষণ

এসব ব্যর্থতার গোড়া কোথায়, কমিটি তা স্পষ্ট করে লিখেছে। অভিযোগের সময় বিসিবিতে যৌন হয়রানি নিষেধ ও প্রতিরোধের কোনো পূর্ণাঙ্গ ও কার্যকর নীতিমালা ছিল না (অনু. ৫৫)। অথচ কর্মক্ষেত্রে যৌন হয়রানি ঠেকাতে হাইকোর্ট বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছিল ২০০৯ সালে। ১৬ বছরেও বিসিবি তা বাস্তবায়ন করেনি। কমিটিকে তাই আলাদা করে লিখতে হয়েছে, এই নির্দেশনা বিসিবিকে মানতেই হবে (অনু. ৫৯)।

এই ঘাটতি পূরণে কমিটি বোর্ডকে মোট ছয়টি সুপারিশ দেয়: জরুরি ভিত্তিতে যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা, গোপনে অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, খেলোয়াড় থেকে কর্মকর্তা—সবার সচেতনতামূলক প্রশিক্ষণ, আর অভিযোগকারীকে প্রতিশোধ থেকে সুরক্ষা। দেশের জন্য সম্মান বয়ে আনা সাবেক নারী ক্রিকেটারদের মর্যাদা দেওয়া আর যোগ্যতা অনুযায়ী বোর্ডে জায়গা দেওয়ার কথাও বলেছে কমিটি।

বিসিবির বিজ্ঞপ্তিতে এর একটি কথাও আসেনি। বোর্ড জানিয়েছে শুধু একজনের শাস্তির খবর। নিজের গাফিলতির হিসাব রয়ে গেছে ৭০ পাতার ভেতরে।

এক মঞ্জুতেই কেন শেষ

জাহানারা মুখ খোলার পর ২০২৫ সালের নভেম্বরে দাবি উঠেছিল আরও বড় তদন্তের। ক্রিকেটারদের সংগঠন কোয়াব চেয়েছিল, শুধু একজনের বিরুদ্ধে নয়, তদন্ত হোক ম্যানেজার, নির্বাচক, সাবেক ইনচার্জ আর কোচের বিরুদ্ধেও। তারা ঘরোয়া আর তৃণমূলের নারী ক্রিকেটেও গোপনে খোঁজ নেওয়ার দাবি করেছিল। সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি এখন বিসিবির সভাপতি, হয়রানির শিকার সব নারী ক্রিকেটারকে নির্ভয়ে সামনে আসার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আরও ঘটনার কথা তার কানে আসছে।

কিন্তু তদন্ত হয়েছে একটি অভিযোগেরই। অথচ কমিটির কার্যপরিধির প্রথম ধারাতেই লেখা ছিল, জাহানারার অভিযোগের পাশাপাশি অন্য নারী ক্রিকেটারদের একই ধরনের অভিযোগও কমিটি তদন্ত করতে পারবে, যদি বিসিবি সেগুলো পাঠায়। অর্থাৎ সিদ্ধান্তটা ছিল বোর্ডের হাতে। প্রতিবেদনের ৪ নম্বর অনুচ্ছেদে কমিটি একবাক্যে জানিয়েছে, বিসিবি অন্য কোনো অভিযোগ পাঠায়নি। কার্যপরিধি অনুযায়ী, বিসিবি পাঠানো ছাড়া কমিটির নিজে থেকে অন্য অভিযোগ তদন্ত করার সুযোগ ছিল না।

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু
জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু

তবু অন্য মেয়েদের হয়রানির চিত্র প্রতিবেদনে ঢুকেছে, সাক্ষীর দরজা দিয়ে। দুই সাবেক ক্রিকেটার কমিটির সামনে গিয়েছিলেন জাহানারার অভিযোগের সাক্ষী হিসেবে। সেখানে তারা নিজেদের অভিজ্ঞতাও তুলে ধরেন। কমিটি এসব কথা ফেলে দেয়নি, জাহানারার অভিযোগ যাচাইয়ে কাজে লাগিয়েছে। মঞ্জুর গায়ে হাত দেওয়ার অভ্যাস নিয়ে দুই ক্রিকেটারের সাক্ষ্যই ছিল কমিটির বিশ্বাসের অন্যতম ভিত্তি (অনু. ৪৩)। কিন্তু তাদের নিজেদের অভিজ্ঞতার আলাদা বিচার করার সুযোগ কমিটির ছিল না। প্রতিবেদনে তাই তাদের কথা আছে, কোনো সিদ্ধান্ত নেই।

তাহলে বাকি অভিযোগগুলো এখন কোথায়? গত ১৫ অক্টোবর সিইও নিজাম উদ্দিন দ্য হুইসেলকে প্রথমে বলেছেন, কমিটির কাছে আরও ‘সম্ভবত দুইটা’ অভিযোগ ছিল, সেগুলো পরের কমিটিতে পাঠানো হয়েছে। ওই একই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘দুই-তিনটা’ তদন্ত এখনো ঝুলে আছে, সঠিক সংখ্যা তিনি জানেন না।

অর্থাৎ, জাহানারার অভিযোগ প্রকাশ্যে আসার প্রায় এক বছর পরও অন্য নারী ক্রিকেটারদের অভিযোগের নিষ্পত্তি কোথায় দাঁড়িয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারেননি বিসিবির প্রধান নির্বাহী।

নিষেধাজ্ঞা হলো, মামলা হলো না

কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত ৫৪ নম্বর অনুচ্ছেদে। কমিটি সেখানে লিখেছে, জাহানারার সঙ্গে মঞ্জুর অনাকাঙ্ক্ষিত স্পর্শ আর ধারাবাহিক রূঢ় আচরণের প্রাথমিক প্রমাণ মিলেছে। এই আচরণ যৌন হয়রানির সংজ্ঞায় পড়ে, অসদাচরণও বটে। তাই তার বিরুদ্ধে শৃঙ্খলাজনিত কার্যক্রম আর ‘আইন অনুযায়ী অন্যান্য যথাযথ ব্যবস্থা’ নেওয়া দরকার।

কমিটির নিয়োগপত্রেও বলা ছিল, প্রতিবেদন এমনভাবে দিতে হবে, যাতে প্রয়োজনে বিসিবি আইনি ব্যবস্থা নিতে পারে।

বিসিবি প্রতিবেদন হাতে পায় ২ ফেব্রুয়ারি। ২০ দিন পর, ২২ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মঞ্জুকে বিসিবির সব ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ চাকরি আর ক্রিকেট-সংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো। প্রয়োজন মনে করলে প্রতিবেদনের আলোকে আরও ব্যবস্থা নেওয়ার কথাও জানায় বোর্ড।

কিন্তু সংবাদ বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার মেয়াদ উল্লেখ ছিল না। প্রায় ৯ মাস পর, গত ৪ নভেম্বর, বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, মঞ্জুকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা হয়েছে, কিন্তু আইনি ব্যবস্থার কোনো খবর নেই। কেন, জানতে চাইলে সিইও নিজাম উদ্দিন দ্য হুইসেলকে বলেন, বোর্ড তার আইন উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছে। উপদেষ্টাদের মত, আইনি ব্যবস্থা নিতে হলে ভুক্তভোগীকেই নিতে হবে, বোর্ড পাশে থাকবে। সিইওর ভাষায়, বোর্ড তার নিজের ব্যবস্থা নিয়েছে। এর বাইরে আইনি পথে গেলে বিসিবি সহায়তা করবে—এই বার্তা জাহানারার আইনজীবীকে জানানো হয়েছে।

জাহানারার প্রত্যাশা ছিল আরও বেশি। তার চাওয়া ছিল দৃষ্টান্তমূলক বিচার। তিনি দ্য হুইসেলকে বলেন, ‘না হলে আমার মতো হাজার জাহানারা ভুক্তভোগী হবে।’

আইনি ব্যবস্থার দায় কার, এই প্রশ্নের একটা মাপকাঠি এখন বিসিবির নিজের হাতেই আছে। ২০২৬ সালের আগস্টে ‘যৌন হয়রানি প্রতিরোধ ও সেফগার্ডিং নীতিমালা’ প্রণয়ন করেছে বিসিবি। তদন্ত কমিটির প্রথম সুপারিশও ছিল এমন একটি নীতিমালা প্রণয়ন। ১২ অক্টোবর এটি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সেফগার্ডিং মানে সুরক্ষা। বিসিবির সঙ্গে যুক্ত সবাইকে হয়রানি, নির্যাতন আর ক্ষতি থেকে রক্ষা করাই এর উদ্দেশ্য। খেলোয়াড়, কোচ, নির্বাচক, টিম ম্যানেজার, ফিজিও থেকে বোর্ড পরিচালক পর্যন্ত সবাই এর আওতায়। মাঠ, হোটেল, সফর, ক্যাম্প, এমনকি মেসেজ আর সোশ্যাল মিডিয়াও। নীতিমালায় সহজ ভাষায় তিনটি প্রশ্নের উত্তর আছে: অভিযোগ কে শুনবে, তদন্ত কীভাবে ও কত দিনে হবে, আর অভিযোগ প্রমাণিত হলে কী ব্যবস্থা নেওয়া হবে।

বিসিবির যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা নীতিমালা
বিসিবির যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা নীতিমালা

নীতিমালা অনুযায়ী অভিযোগ শুনবে একটি অভিযোগ কমিটি। এর প্রধান হবেন একজন নারী, সদস্যদের বেশির ভাগও নারী, আর অন্তত দুজন আসবেন বোর্ডের বাইরে থেকে (ধারা ৯.২)। ১ নভেম্বর দ্য হুইসেলের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ব্যারিস্টার রাশনা ইমামের নেতৃত্বে পাঁচ সদস্যের এমন একটি কমিটি গঠন করেছে বিসিবি।

নীতিমালা অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে বিসিবি ৩০ দিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। শাস্তির তালিকায় আছে সতর্ক করা থেকে শুরু করে ক্ষমতার পদ থেকে সরানো, চুক্তি বাতিল এবং বিসিবির সব কার্যক্রমে নিষেধাজ্ঞা। কর্মকাণ্ড ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানোর কথাও বলা হয়েছে (ধারা ১৭.১)।

আইনি ব্যবস্থা নিয়ে নীতিমালার ভাষা আরও স্পষ্ট। দণ্ডবিধির ৩৫৪ বা ৫০৯ ধারা, কিংবা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় পড়তে পারে, এমন আচরণে বিসিবি ‘যথাযথ ও কার্যকর পদক্ষেপ’ নেবে। এগুলোর মধ্যে আছে পুলিশ, আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বিষয়টি পাঠানো, অথবা তাদের সঙ্গে সহযোগিতা করা (ধারা ১৭.৫)। বোর্ড ও ব্যবস্থাপনার দায়িত্বের তালিকায়ও এ ধরনের পদক্ষেপের কথা রয়েছে (ধারা ৬)। অভিযোগকারীকে আইনি পরামর্শসহ সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে (ধারা ১৮.৩)।

নীতিমালায় কোথাও লেখা নেই যে বিসিবি নিজে মামলা করবে। কিন্তু দায়টা শুধু ভুক্তভোগীর ঘাড়ে ছেড়ে দেওয়ার কথাও লেখা নেই। পুলিশ বা আদালতের দরজা পর্যন্ত বিষয়টি নেওয়ার দায় বোর্ডেরও।

নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েও প্রশ্ন আছে। সিইও কমিটিকে বলেছিলেন, মঞ্জু তখন আর বিসিবির সঙ্গে যুক্ত নন। প্রশিক্ষণের জন্য ছুটি নিয়ে বিদেশে গিয়েছিলেন, পরে চীনের ক্রিকেটে যোগ দেন (অনু. ১৭)। অথচ ২০২৫ সালের ৩০ ডিসেম্বর কমিটিকে দেওয়া লিখিত জবাবে মঞ্জু নিজের পদবি লিখেছেন ‘নির্বাচক ও টিম ম্যানেজার (ছুটিতে)’।

যিনি বোর্ডের সঙ্গে যুক্তই নন বলে বোর্ড দাবি করছে, তার ওপর বোর্ডের নিষেধাজ্ঞা কতটা কার্যকর? আর বিসিবির বাইরের প্রশ্ন, অর্থাৎ আইনের প্রশ্ন, তার দায় শেষ পর্যন্ত গিয়ে পড়েছে জাহানারার কাঁধে।

জাহানারার অভিযোগে গঠিত তদন্ত কমিটির দুই খণ্ডের প্রতিবেদন
জাহানারার অভিযোগে গঠিত তদন্ত কমিটির দুই খণ্ডের প্রতিবেদন

কেন দ্য হুইসেল প্রতিবেদনটি সামনে আনল

একটি প্রশ্ন উঠতেই পারে। অভিযোগের তদন্ত হয়েছে, শাস্তিও হয়েছে। তাহলে ৯ মাস পর প্রতিবেদন খুলে দেখানোর দরকার কী?

কারণ, এটি একজন খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয় নয়। নারী ক্রিকেটে যৌন হয়রানি নিয়ে বিসিবির করা এটিই একমাত্র আনুষ্ঠানিক তদন্ত। এখানে বোর্ডের নিজের গঠন করা কমিটি লিখেছে, মেয়েদের সুরক্ষার কোনো কাঠামো ছিল না, যে নিয়ম ছিল, সেটিও মানা হয়নি। যে প্রতিষ্ঠান দেশের হয়ে জাতীয় দল চালায়, তার এমন ব্যর্থতা এবং তা সংশোধনের জন্য কমিটির দেওয়া সুপারিশ সম্পর্কে জানার অধিকার মানুষের আছে।

প্রতিবেদন আড়ালে রাখার মানেও ভেবে দেখা দরকার। এতে সেই পুরোনো অভ্যাসেরই পুনরাবৃত্তি হয়, যাকে কমিটি গাফিলতি বলেছে। ২০২১ সালে একটি চিঠি গিয়েছিল, উত্তর আসেনি, কোথাও লেখা থাকেনি। ২০২৬ সালে ৭০ পৃষ্ঠার প্রতিবেদন এসেছে, সেটিও কেউ দেখেনি। অভিযোগ করলে তা কোথাও গিয়ে হারিয়ে যায়, এই ধারণাই মেয়েদের চুপ করিয়ে রাখে। অনুসন্ধানের সময় বহু নারী ক্রিকেটার দ্য হুইসেলকে সেই ভয়ের কথাই বলেছেন।

এই প্রতিবেদন দরকার মাঠে থাকা মেয়েদেরও। অভিযোগ করলে আসলে কী হয়, তা তাদের জানা দরকার। নথিটি দেখায়, সাক্ষী বা ভিডিও না থাকলেও একজন নারীর কথা বিশ্বাস করা যায়, ক্ষমতার চেয়ারে বসা মানুষের বিরুদ্ধেও রায় হতে পারে। আবার এটাও দেখায়, কোথায় তদন্ত অসম্পূর্ণ থেকে গেছে, কাকে ডাকা হয়নি। বোর্ডের নতুন অভিযোগ কমিটির ওপর আস্থা তৈরি হবে আগের তদন্তের পুরো হিসাব থেকে, দুই লাইনের বিজ্ঞপ্তি থেকে নয়।

প্রশ্নটা ন্যায্যতারও। অভিযোগকারী জানেন না, কমিটি তার কোন কথা বিশ্বাস করেছে। অভিযুক্ত জানেন না, কোন যুক্তিতে তিনি দোষী।

আর আছে জবাবদিহির প্রশ্ন। সুপারিশগুলো শুধু বোর্ডের আলমারিতে থাকলে কেউ গুণতে পারবে না, কোনটা হলো আর কোনটা হলো না। সামনে থাকলে পারবে।

বিসিবি বলছে, প্রতিবেদন প্রকাশ করলে ভুক্তভোগীদের পরিচয় প্রকাশ হয়ে যাবে। এই আশঙ্কা আমরা হালকাভাবে নিইনি। জাহানারা প্রকাশ্যে অভিযোগ করেছেন এবং প্রতিবেদনের তথ্য প্রকাশে তার সম্মতি আছে। অন্য যারা কমিটির সামনে কথা বলেছেন, তাদের সংবেদনশীল তথ্য বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি। হাইকোর্টের নির্দেশনা অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে বলে। বোর্ড একটি অভিযোগ নিয়ে কী করেছে, কত দিন লাগিয়েছে, কী সুপারিশ পেয়েছে, সেটা মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে বলে না। গোপনীয়তা ভুক্তভোগীকে রক্ষার ঢাল। প্রতিষ্ঠানের জবাবদিহি এড়ানোর আড়াল নয়।

তদন্ত প্রতিবেদনের সব তথ্য অবশ্য আমরা প্রকাশ করিনি। খেলোয়াড়দের সংবেদনশীল স্বাস্থ্যতথ্য, সাক্ষীদের নাম, কারও সম্পর্কে অপ্রমাণিত গুজব বাদ রাখা হয়েছে। তুলে ধরা হয়েছে শুধু সেসব তথ্য, যা থেকে বোঝা যায়—বোর্ড কী করেছে, কী করেনি এবং তদন্ত কমিটি কীভাবে সিদ্ধান্তে পৌঁছেছে।

একই কাজ বিসিবিও করতে পারে, সংবেদনশীল অংশ কালো করে বাকি প্রতিবেদন প্রকাশ করে।

জাহানারার হাতে লেখা চিঠির উত্তর পাঁচ বছরেও আসেনি। ৭০ পাতার উত্তরটা অন্তত এখন সবার সামনে।