সম্পাদকীয় নীতিমালা
দ্য হুইসেল (The Whistle)-এ আমরা অনুসন্ধানী সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদকীয় নীতিমালা আমাদের প্রতিটি কাজের ভিত্তি, যা আমাদের স্বাধীনতা, নির্ভুলতা, ন্যায্যতা এবং জবাবদিহি নিশ্চিত করে। আমরা বিশ্বাস করি, এই নীতিমালার অনুসরণ করেই আমরা পাঠক এবং তথ্যের উৎসের আস্থা অর্জন করতে পারব।
১. স্বাধীনতা ও নিরপেক্ষতা
আমরা রাজনৈতিক দল, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকার বা ব্যক্তিগত স্বার্থের প্রভাবমুক্ত হয়ে কাজ করি। আমাদের সিদ্ধান্তগুলো শুধু জনস্বার্থের ভিত্তিতে নেওয়া হয়, কোনো ধরনের চাপ বা প্রলোভনে নয়। আমাদের আর্থিক উৎস স্বচ্ছ এবং আমাদের অর্থ সংগ্রহের নীতিমালা নিশ্চিত করে কোনো অনুদান আমাদের সম্পাদকীয় স্বাধীনতাকে প্রভাবিত করবে না।
২. নির্ভুলতা ও তথ্য যাচাই
প্রকাশিত প্রতিটি তথ্যের নির্ভুলতা নিশ্চিত করাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। আমাদের অনুসন্ধানী প্রক্রিয়ার প্রতিটি ধাপে কঠোর তথ্য যাচাই পদ্ধতি অনুসরণ করা হয়।
- আমরা তথ্যের জন্য একটি একক উৎসের ওপর নির্ভর করি না। প্রতিটি সংবেদনশীল তথ্য যাচাই করার জন্য একাধিক স্বাধীন ও নির্ভরযোগ্য উৎস খুঁজি এবং তা ব্যবহার করি।
- আমরা নথি এবং ডিজিটাল প্রমাণপত্রের সত্যতা এবং নির্ভরযোগ্যতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করি।
৩. ন্যায্যতা ও ভারসাম্য
আমাদের লক্ষ্য ক্ষমতার অপব্যবহার উন্মোচন করা হলেও আমরা প্রতিটি অনুসন্ধানে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখি।
- আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ বা তথ্য উপস্থাপন করি, তাদের বক্তব্য বা প্রতিক্রিয়া জানানোর পর্যাপ্ত সুযোগ দিই। যদি তারা প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন বা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাড়া না দেন, তাহলে আমরা সেই অপারগতাও উল্লেখ করি।
৪. স্বচ্ছতা ও নৈতিকতা
আমাদের সাংবাদিকতা ও প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে সচেষ্ট। আমরা বিশ্বাস করি, স্বচ্ছতাই মানুষের আস্থা অর্জনের মূল ভিত্তি।
- আমরা সাংবাদিকতার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৈতিক মানদণ্ড মেনে চলি। অনুসন্ধানী পদ্ধতির মূল দিকগুলো সম্পর্কে স্বচ্ছ থাকি। কীভাবে তথ্য সংগ্রহ করি, যাচাই করি এবং প্রকাশ করি তার একটি স্পষ্ট ধারণা প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করি।
- যদি কোনো ভুল তথ্য প্রকাশিত হয়, আমরা দ্রুত এবং স্বচ্ছভাবে তা সংশোধন করি এবং গুরুত্বপূর্ণ সংশোধনের ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করি। তথ্যের অর্থের পরিবর্তন হয় না, এমন ক্রুটি বা ছোটখাটো ভাষার ভুল নীরবে সংশোধন করে থাকি।
- অনুসন্ধানে প্রভাব ফেলতে পারে আমাদের কোনো সাংবাদিক বা কর্মীর এমন কোনো ব্যক্তিগত বা পেশাগত স্বার্থ থাকলে, সেই স্বার্থের সংঘাত প্রতিবেদনে প্রকাশ করা হয়।
৫. সূত্রের সুরক্ষা
আমাদের অনুসন্ধানের ভিত্তি প্রায়ই দাঁড়িয়ে থাকে সাহসী সূত্রদের ওপর, যারা ঝুঁকি নিয়ে সত্য সামনে আনেন। তাদের সুরক্ষা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
- বেনামি সূত্রের পরিচয় আমরা কোনো অবস্থাতেই প্রকাশ করি না— আইনি চাপ, তদন্ত বা অন্য কোনো পরিস্থিতিতেও নয়।
- প্রতিবেদনে বেনামি সূত্র ব্যবহার করা হয় কেবল তখনই, যখন প্রকাশ্যে পরিচয় দিলে সূত্রের নিরাপত্তা, চাকরি বা জীবন ঝুঁকির মুখে পড়তে পারে, এবং যাচাইযোগ্য বিকল্প উৎস থাকে না।
- সূত্রের সঙ্গে যোগাযোগ, নথি আদান-প্রদান ও তথ্য সংরক্ষণে আমরা নিরাপদ ও এনক্রিপ্টেড মাধ্যম ব্যবহার করি।
- সূত্রের পরিচয় প্রকাশ পেলে কী ঝুঁকি হতে পারে, তা প্রতিটি প্রতিবেদনের আগে দলের মধ্যে যাচাই করে নেওয়া হয়।
৬. কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহার
আমরা সাংবাদিকতায় প্রযুক্তির উৎকর্ষতাকে স্বাগত জানাই, কিন্তু আমরা বিশ্বাস করি সাংবাদিকতা একটি মানবিক প্রক্রিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) ব্যবহারের ক্ষেত্রে আমরা নিচের কঠোর নিয়মগুলো মেনে চলি:
- মানুষের তদারকি : এআই কেবল সহায়ক টুল হিসেবে (যেমন: ট্রান্সক্রিপশন, অনুবাদ বা বিশাল ডেটা বিশ্লেষণের ক্ষেত্রে) ব্যবহার করা হতে পারে, কিন্তু চূড়ান্ত সম্পাদনা এবং যাচাই-বাছাই বা ফ্যাক্ট-চেকিং সাংবাদিকরাই করে থাকে।
- ছবি ও ভিডিওর বিশ্বাসযোগ্যতা: প্রামাণিক দলিল হিসেবে এআই দিয়ে তৈরি (Generative AI) কোনো ছবি, ভিডিও বা অডিও আমরা ব্যবহার করি না। যদি কখনো কোনো আর্টওয়ার্ক বা ইলাস্ট্রেশনের জন্য এআই ব্যবহার করা হয়, তবে ক্যাপশনে তা স্পষ্ট করে উল্লেখ করা হয় (যেমন: AI-generated image)।
- গোপনীয়তা ও ডেটা সুরক্ষা: আমাদের সোর্সের দেওয়া গোপন নথি বা সংবেদনশীল তথ্য আমরা কোনো পাবলিক এআই টুলে (যেমন: ChatGPT বা অন্যান্য ওপেন সোর্স চ্যাটবট) আপলোড করি না, যাতে তথ্যের গোপনীয়তা বিঘ্নিত না হয়।
- স্বচ্ছতা: যদি কোনো প্রতিবেদনে বিশেষ কোনো বিশ্লেষণের জন্য এআই-এর সাহায্য নেওয়া হয় (যেমন: বড় ডেটাবেস বিশ্লেষণ), তবে আমরা পাঠকদের কাছে সেই পদ্ধতির কথা সেই প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করি।
এই সম্পাদকীয় নীতিমালা দ্য হুইসেল (The Whistle)-এর কাজের মূল ভিত্তি। আমরা আমাদের প্রতিটি প্রতিবেদনে এই নীতিগুলো মেনে চলতে অঙ্গীকারবদ্ধ।